ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বড় রদবদল

২০২৬ জুন ০৯ ১০:১৫:২৮
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

নতুন উপাচার্য নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো— পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম হেমায়েত জাহান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে বর্তমান উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। বিদায়ী উপাচার্য অধ্যাপক মো. শহিদুল ইসলামকে অব্যাহতি দিয়ে নিজ কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। বর্তমান উপাচার্য অধ্যাপক এস এম হাসান তালুকদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে নবপ্রতিষ্ঠিত লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ হানিফ। তিনি এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত চার উপাচার্যের নিয়োগ তাদের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী চার বছর পর্যন্ত কার্যকর থাকবে।

দীপক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে