ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬

বাংলাদেশের ঋণ নিয়ে বড় সতর্কবার্তা এডিবির

২০২৬ মে ২৪ ১৯:১৫:৫৭
বাংলাদেশের ঋণ নিয়ে বড় সতর্কবার্তা এডিবির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে পৃথক ‘ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয়’ গঠনের সুপারিশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, এলডিসি উত্তরণের আগে দেশের আর্থিক সক্ষমতা বা ‘ফিসকাল স্পেস’ ক্রমেই সংকুচিত হচ্ছে।

শনিবার (২৩ মে) প্রকাশিত এডিবির সুশাসন ও সামষ্টিক অর্থনৈতিক সংস্কারবিষয়ক মূল্যায়ন প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের আর্থিক সক্ষমতা, কাঠামোগত দুর্বলতা এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে বিশ্লেষণ করা হয়।

এডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সরকারি ঋণের পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪১ শতাংশে পৌঁছেছে। তবে ঋণ ব্যবস্থাপনায় এখনও সমন্বয়ের ঘাটতি রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণসংক্রান্ত তথ্য বিচ্ছিন্নভাবে সংরক্ষিত থাকায় সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ কঠিন হয়ে পড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় ঋণের সব তথ্য একক কর্তৃপক্ষের অধীনে এনে একটি বিশেষায়িত ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গঠনের সুপারিশ করেছে সংস্থাটি। প্রস্তাবিত এই কার্যালয় দেশের সামগ্রিক ঋণ পরিস্থিতি পর্যবেক্ষণ, ব্যবস্থাপনা এবং তথ্য প্রকাশের দায়িত্ব পালন করবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিম্ন রাজস্ব আহরণ, বৈদেশিক খাতে ভারসাম্যহীনতা এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সংকুচিত হয়ে আসা বাংলাদেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন অর্থায়নে বিদ্যমান বিশেষ সুবিধা হারালে এসব চাপ আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে এডিবি।

তবে কিছু ক্ষেত্রে অগ্রগতির কথাও উল্লেখ করেছে সংস্থাটি। উন্নত আইবাস++ ব্যবস্থা চালু হওয়ায় বাজেট বাস্তবায়নের হার বেড়েছে। পাশাপাশি সরকারি হিসাব ব্যবস্থায় আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ এবং সরকারি ক্রয়ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে