ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ শেয়ারবাজারে

২০২৬ মার্চ ১২ ১৫:৫৮:১৭
ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : টানা চতুর্থ কার্যদিবসের মতো বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দেশের শেয়ারবাজার ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহ শেষ করেছে। এদিন ঢাকা ও চট্টগ্রাম—উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ সৃষ্টি করেছে। ঈদের আগমুহূর্তে বাজারের এমন চিত্র অনেকের কাছেই অপ্রত্যাশিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষকদের মতে, আগামী সপ্তাহে ঈদের ছুটির কারণে মাত্র দুইদিন লেনদেন হবে। সপ্তাহের শেষ দিনে বাজারের ইতিবাচক গতি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। ফলে ঈদের পর বাজারে আরও গতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি প্রধান সূচকই ঊর্ধ্বমুখী ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৮ দশমিক ৪০ পয়েন্টে। অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৭ দশমিক ১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১ হাজার ৭৯ দশমিক ৪২ পয়েন্টে। একই সঙ্গে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ বেড়ে ২৮ দশমিক ২২ পয়েন্ট যোগ হয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬ দশমিক ২৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩০৮টির শেয়ারদর বেড়েছে, ৩২টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকেও ডিএসইতে আগের দিনের তুলনায় প্রবৃদ্ধি দেখা গেছে। এদিন মোট প্রায় ৫৯১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৫১৮ কোটি ৪৮ লাখ টাকার। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৬৭ কোটি ৯৮ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার মোট ১৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন সেখানে ৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

সিএসইতে এদিন লেনদেনে অংশ নেওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৪০টির এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১ দশমিক ৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৩ দশমিক ১৫ পয়েন্টে। এর আগের কার্যদিবসে সূচকটি ৬৩ দশমিক ০৪ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে