ঢাকা, জানুয়ারি ২৯: পুঁজিবাজারবান্ধব মূদ্রানীতি এবং অবনিবাস একাউন্ট বন্ধ না করার দাবিতে চট্টগ্রাম বিনিয়োগকারী সমন্বয় ফেডারেশন (সিবিএসএফ) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের আগ্রাবাদস্থ সফি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে সিবিএসএফের আহবায়ক সরোজ চৌধুরী সুলভ, যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ চৌধুরী, সায়েদুল হক সাহেদ, বোরহান উদ্দিন, মাসুদ হোসাইন, আবদুর রাজ্জাক, মো. সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, পূঁজিবাজারের লেনদেন এমন এক পর্যায়ে এসেছে যেখানে প্রচন্ড অর্থনৈতিক সংকট ফুটে উঠেছে। এই সংকট উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাংক গভর্নরকে সংকোচনমূলক মূদ্রানীতি পরিহার করে সম্প্রসারণমূলক মূদ্রানীতি, বিশেষ করে পুঁজিবাজারের জন্য বিশেষ জরুরি তহবীল, সিআরআর. ও এসএলআর কমানোর জোর দাবি জানান।
বক্তারা বিএসইসি কে অমনিবাস হিসাব বন্ধ না করার জন্য জোর দাবি করেন। অমনিবাস একাউন্ট ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়। এটা আন্তর্জাতিকভাবেও চালু আছে। অমনিবাস একাউন্ট বন্ধকে ‘মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার’ সাথে তুলনা করেছেন বক্তারা।
সমাবেশে বক্তারা ডিএসই-৩০ কে অস্বচ্ছ বলেও দাবি করেন। এতে অনেক ভালো শেয়ার অর্ন্তভুক্ত না করে, এক শ্রেণীর সুবিধাবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এর ফলে বিনিয়োগকারীরা ব্যথিত ও মর্মাহত বলে বক্তারা জানান। তাদের দাবি, এসব শেয়ারের মাধ্যমে যদি বিনিয়োগকারীরা আর্থিকভাবে মারাত্বক ক্ষতির সম্মুখীন হন, তার দায়ভার ডিএসই কর্তৃপক্ষকেই বহন করতে হবে।