ঢাকা, জানুয়ারি ২৯: বলিউডি তারকা শাহরুখ খানকে নিয়ে তুমুল তর্কে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। শাহরুখের নিরাপত্তা নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়া।
সম্প্রতি ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারের দেওয়া এক অভ্যর্থনায় অংশ নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহরুখকে নিরাপত্তা দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।
ভারতের একটি সাময়িকীতে ৯/১১-পরবর্তী বিশ্বে একজন মুসলমান হিসেবে শাহরুখের তিক্ত অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে। এর প্রতিক্রিয়ায় রেহমান মালিক এমন মন্তব্য করেছেন।
ভারত সরকার ও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রেহমান মালিকের এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। আজ সকালে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে যথেষ্ট সক্ষম। এটা নিয়ে পাকিস্তানের উদ্বিগ্ন না হলেও চলবে।’ কংগ্রেসের মুখপাত্র রশিদ আলভি তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার ভগংর পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে মালিকের উচিত তাঁর নিজের দেশের নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন হওয়া।
আলভি আরও বলেন, ‘পাকিস্তানে কী হচ্ছে তা আমরা সবাই জানি। কোনো ভারতীয়কে নিয়ে কিছু বলার কোনো অধিকারই নেই পাকিস্তানের। এমনকি যখন কোনো পাকিস্তানি শিল্পী ভারতে আসেন, আমরা তাঁদের নিরাপত্তা দিই। ভারতে মুসলমানরা সবচেয়ে নিরাপদ।’