ঢাকা, জানুয়ারি ২৯: ভারতের বিশিষ্ট সমাজকর্মী এবং গান্ধিবাদী নেতা আন্না হাজারে বলেছেন, সংসদের আগামী বাজেট অধিবেশনে দুর্নীতিবিরোধী লোকপাল বিল অনুমোদন করা হবে।
ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান সোনিয়া গান্ধী তার কাছে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন বলে আন্না হাজারে জানান।
গত ২২ জানুয়ারি সোনিয়া গান্ধীর কাছে লেখা চিঠিতে শক্তিশালী লোকপাল বিল পাসের ক্ষেত্রে বিলম্বের জন্য কংগ্রেসকে দায়ী করেছিলেন আন্না হাজারে। চিঠিতে লোকপাল বিলের খসড়া তৈরিতে জনগণের অংশ গ্রহণের বিষয়ে পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তার ওই চিঠির জবাবে ২৫ জানুয়ারি দুপুরে সোনিয়া গান্ধীর লেখা এক পাতার চিঠি ফ্যাক্স করে আন্নার কাছে পাঠানো হয়। আন্না হাজারের ঘনিষ্ঠ সহযোগী দাত্তা আওয়ারি এ কথা জানান।
এদিকে, সোনিয়া গান্ধীর চিঠি পাওয়ার কথা স্বীকার করে আন্না হাজারে বলেছেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর দফতর থেকেও চিঠি দেয়া হয়েছে। ভারতীয় সংসদের আসন্ন অধিবেশনে লোকপাল বিলের বিষয় উত্থাপন করা হবে এসব চিঠিতে প্রতিশ্রুতি দেয়া হয়েছে।